জাতীয়

আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী

  প্রতিনিধি 21 September 2026 , 5:28:31 প্রিন্ট সংস্করণ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলাটি করেছেন এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের বাবা।

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান। তিনি জানান, আত্মহত্যার প্ররোচনার মামলায় গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলায় আসামি করা হয়েছে এমপি, তার প্রথম স্ত্রী এবং বাদীর শ্যালক, যিনি গাড়িচালক হিসেবে পরিচিত।

এর আগে রোববার রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। সে সময় বাসায় থাকা গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে থানায় নেওয়া হয়। একই সময়ে নিহত মরিয়মের বাবাও সেখানে উপস্থিত ছিলেন। পরে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুরু হয়। সেখানে জামায়াত সমর্থকদের কেউ কেউ দাবি করেন, ব্যক্তিগত একটি ভিডিও ফাঁস হওয়ার ঘটনার সঙ্গে মরিয়মের মৃত্যুর সম্পর্ক রয়েছে। তবে এ দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য বা প্রমাণ পাওয়া যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে গাজী নজরুল ইসলাম তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। চলতি বছরে তার ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তিনি জানান, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন। পরে গত ২২ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেয়।

আরও খবর

Sponsered content