সারাদেশ

প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালানোর অভিযোগ, এনসিপি নেতার পদ স্থগিত

  প্রতিনিধি 21 September 2026 , 5:19:00 প্রিন্ট সংস্করণ

চাঁদপুরের শাহরাস্তি পৌর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় তার সব সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। একই ঘটনায় থানায় লিখিত অভিযোগের পর তদন্ত শুরু করেছে পুলিশ।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় এনসিপি চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শাহরাস্তি পৌর আহ্বায়ক শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে নৈতিক স্খলনের গুরুতর অভিযোগ ওঠায় জেলা আহ্বায়ক মাহবুবুল আলম ও সদস্য সচিব আমন উল্লাহ পাটোয়ারীর নির্দেশক্রমে তার সব সাংগঠনিক পদ তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়েছে। তদন্ত শেষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সম্প্রতি এক বাহরাইনপ্রবাসীর স্ত্রীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগ ওঠে শেখ রহমত উল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ শাহরাস্তি মডেল থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে শেখ রহমত উল্লাহ বাহরাইনপ্রবাসীর স্ত্রীকে সঙ্গে নিয়ে বাড়ি থেকে চলে যান। পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হওয়ার পর ওই রাতে তারা একসঙ্গে চলে যান। এরপর থেকে দুজনের মুঠোফোন বন্ধ রয়েছে। ঘটনার পর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তাদের খোঁজাখুঁজি শুরু করেন। রোববার সকালে রহমত উল্লাহর স্ত্রী এবং প্রবাসীর দুই শিশু কন্যা পরিবারের সদস্যদের সঙ্গে শাহরাস্তি মডেল থানায় যান।

প্রবাসীর ভগ্নিপতি জাহাঙ্গীর আলম অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে সম্পর্কের বিষয়টি পরিবারের নজরে ছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর শনিবার রাতে তারা একসঙ্গে চলে যান। অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, তার পুত্রবধূ বাড়ি ছাড়ার সময় স্বর্ণালংকার ও নগদ অর্থ সঙ্গে নিয়ে গেছেন।

শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content