সারাদেশ

নাটোরে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে চালক নিহত

  প্রতিনিধি 21 September 2026 , 5:51:32 প্রিন্ট সংস্করণ

নাটোরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বপন চন্দ্র (৫০) নামের এক অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের চাঁদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপন চন্দ্র বগুড়া জেলার শেরপুর থানার ভাটরা গ্রামের মৃত গোবর্ধন চন্দ্রের ছেলে।

পুলিশ জানায়, সোমবার ভোরে একটি খালি অ্যাম্বুলেন্স রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্সটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক স্বপন চন্দ্রের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যান। খবর পেয়ে পবা হাইওয়ে থানা (পুঠিয়া, রাজশাহী) পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

পবা হাইওয়ে থানার এএসআই হায়দার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত ট্রাকচালককে আটকের চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর

Sponsered content