রাজবাড়ী শহরে ব্যবসায়িক বিরোধকে কেন্দ্র করে জাকিয়া সুলতানা নামে এক নারী উদ্যোক্তাকে প্রকাশ্যে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
শনিবার দুপুরে রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাজবাড়ী সদর থানা পুলিশ জাকিয়া সুলতানাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে তাকে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে এক যুবক এসে লাথি মারেন। পরে আরও কয়েকজন যুবক তাকে মারধর ও লাথি মারেন।
জাকিয়া সুলতানা রাজবাড়ী কাপড় বাজারের ‘আস্থা পোশাক শিল্প’-এর মালিক। তার অভিযোগ, প্রতিষ্ঠানের সাবেক কর্মচারী বৃষ্টি হিসাব বুঝিয়ে না দিয়ে অন্য একটি দোকানে যোগ দেন। এ বিষয়ে তিনি রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির কাছে লিখিত অভিযোগ করার পর থেকেই তার ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছিল।
তবে রাজবাড়ী বাজার কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ এ অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, জাকিয়া বিভিন্ন সময় ব্যবসায়ীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে আসছিলেন। শনিবার তিনি কয়েকশ মানুষ নিয়ে ব্যবসায়ীদের ওপর চড়াও হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে কারা জাকিয়াকে লাথি মেরেছে, সে বিষয়ে তখন তিনি অবগত ছিলেন না বলে জানান।
যুগান্তরকে জাকিয়া সুলতানা বলেন, পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় অজ্ঞাত কয়েকজন যুবক তার ওপর হামলা চালায়। হামলাকারীদের তিনি চেনেন না, তবে তাদের পরিচয় জানার চেষ্টা করছেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে তিনি জানান, সাংবাদিকদের সহযোগিতায় এ বিষয়ে একটি সংবাদ সম্মেলন করবেন। এদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত কর্মচারী বৃষ্টি কোনো মন্তব্য করতে রাজি হননি।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, ব্যবসাসংক্রান্ত বিরোধের জেরে কিছু ব্যবসায়ী জাকিয়া সুলতানাকে ঘিরে ধরেছিলেন। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে উভয় পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হয়েছে।



















