ত্বকের পরিচর্যায় অ্যালোভেরার উপকারিতা অনেকেরই জানা। তবে দাঁত ও মাড়ির যত্নেও এটি কার্যকর হতে পারে। বিশেষজ্ঞদের মতে, অ্যালোভেরার প্রদাহরোধী ও জীবাণুরোধী বৈশিষ্ট্য মুখের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক।
অ্যালোভেরা ভিটামিন ই-সমৃদ্ধ একটি প্রাকৃতিক উপাদান, যা ত্বককে আর্দ্র ও পুষ্ট রাখতে সাহায্য করে। একই সঙ্গে এটি ত্বকের কোষকে ফ্রি র্যাডিকেলের ক্ষতি থেকে সুরক্ষা দিতে ভূমিকা রাখে। বিশেষজ্ঞদের মতে, মুখের স্বাস্থ্যের ক্ষেত্রেও অ্যালোভেরা উপকারী। বিশেষ করে সংবেদনশীল দাঁত ও মাড়ির জন্য এটি উপযোগী বলে বিবেচিত হয়। সুস্থ মাড়ি দাঁতকে মজবুতভাবে ধরে রাখে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে, তাই আকর্ষণীয় হাসির জন্য দাঁতের পাশাপাশি মাড়ির যত্নও সমান গুরুত্বপূর্ণ।
বাজারে প্রচলিত অনেক বাণিজ্যিক টুথপেস্টে এমন কিছু উপাদান থাকতে পারে, যা দীর্ঘমেয়াদে দাঁত ও মাড়ির জন্য ক্ষতিকর হতে পারে। এ কারণে অনেকেই তুলনামূলক কোমল ও প্রাকৃতিক বিকল্প হিসেবে অ্যালোভেরা টুথপেস্ট ব্যবহার করছেন। এটি বাজারে পাওয়া গেলেও চাইলে ঘরেই তৈরি করা সম্ভব।
ঘরে অ্যালোভেরা টুথপেস্ট তৈরির উপকরণ:
৩ চা-চামচ অ্যালোভেরা জেল, ৩ চা-চামচ বেকিং সোডা, ৫ চা-চামচ ভেজিটেবল গ্লিসারিন এবং ৫ থেকে ১০টি তাজা পুদিনা পাতা।
প্রস্তুত প্রণালি:
অ্যালোভেরা জেল ও পুদিনা পাতা ভালোভাবে ধুয়ে নিন। অ্যালোভেরা পাতা থেকে চামচ দিয়ে জেল বের করে একটি পরিষ্কার পাত্রে রাখুন। এরপর পুদিনা পাতা মিহি করে কুচি করে জেলের সঙ্গে মিশিয়ে বেকিং সোডা ও ভেজিটেবল গ্লিসারিন যোগ করুন। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে প্রয়োজন অনুযায়ী গ্লিসারিনের পরিমাণ সমন্বয় করে কাঙ্ক্ষিত ঘনত্ব তৈরি করুন। পরে মিশ্রণটি একটি ঢাকনাযুক্ত পরিষ্কার পাত্রে সংরক্ষণ করুন।
পরিষ্কার ও ভেজা নরম টুথব্রাশে এই টুথপেস্ট ব্যবহার করে দাঁত ব্রাশ করা যায়। মূল প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এটি দাঁত ও মাড়ির ক্ষতি না করেই প্লাক ও মুখের দুর্গন্ধ কমাতে সহায়ক হতে পারে। এছাড়া মাড়ি ফোলা থাকলেও এটি ব্যবহারের উপযোগী বলে উল্লেখ করা হয়েছে।



















