ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লি) আসনের উপনির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে আবারও দেলাওয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী হিসেবেও তাকে চূড়ান্ত করা হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে দলের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আব্দুল হালিম আনুষ্ঠানিকভাবে দেলাওয়ার হোসেনের প্রার্থিতার ঘোষণা দেন।
দেলাওয়ার হোসেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। এর আগে তিনি ইসলামী ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ঠাকুরগাঁও-১ আসনে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
প্রার্থী ঘোষণার সময় মাওলানা আব্দুল হালিম বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার অন্যতম প্রধান মাধ্যম নির্বাচন। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের অংশ হিসেবে জামায়াতে ইসলামী সব ধরনের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কেন্দ্রীয়ভাবে ১১ দলীয় জোটের সিদ্ধান্ত অনুযায়ী দেলাওয়ার হোসেনকে এ আসনের উপনির্বাচনে জোটের প্রার্থী করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর ওই আসনে উপনির্বাচনের কার্যক্রম শুরু হয়। এবারও আগের নির্বাচনের মতো দেলাওয়ার হোসেনের ওপরই আস্থা রেখেছে জামায়াতে ইসলামী।



















