হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের র্যাম্পে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন, যাদের সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনালের র্যাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন—সিনিয়র ওয়ারেন্ট অফিসার মাহমুদ, করপোরাল মনিরুজ্জামান এবং এলএসি জোবায়দুল। আহতরা হলেন—করপোরাল সিফাত/আবু সাঈদ, করপোরাল মাহবুব, সিনিয়র অফিসার আবুল খায়ের ও এলএসি আহাদ।
জানা গেছে, নিয়মিত দায়িত্ব পালনের সময় বাংলাদেশ বিমানবাহিনীর একটি পিকআপ থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিন সদস্য নিহত হন এবং চারজন আহত হন।
দুর্ঘটনার পর নিহত ও আহতদের প্রয়োজনীয় চিকিৎসা এবং পরবর্তী কার্যক্রমের জন্য সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় নেওয়া হয়েছে।



















