ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বাড়িতে বালতিতে রাখা পানিতে পড়ে আয়েশা নামে ১০ মাস বয়সী এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ আগস্ট) বিকেলে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড় গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা কাটাগড় গ্রামের বাসিন্দা আশিক মোল্লার একমাত্র সন্তান। স্থানীয় সূত্র জানায়, দুপুরে শিশুটিকে বিছানায় ঘুম পাড়িয়ে রেখে তার মা বাড়ির বাইরে রান্নার কাজে ব্যস্ত ছিলেন।
শিশুটিকে গোসল করানোর জন্য ঘরের কিছুটা দূরে একটি বড় বালতিতে পানি ভরে রাখা হয়েছিল। ঘুম থেকে জেগে আয়েশা হামাগুড়ি দিয়ে সবার অজান্তে ঘরের বাইরে চলে যায়। একপর্যায়ে সে ওই বালতির পানিতে পড়ে যায়।
কিছু সময় পর পরিবারের সদস্যরা শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বালতির পানিতে তাকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করা হলেও ততক্ষণে তার মৃত্যু হয়।



















