শনিবারকে ১৫ আগস্টকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সাংগঠনিক কার্যক্রম পরিচালনা ও জনসম্মুখে তাদের উপস্থিতি জানান দেয়ার অপচেষ্টা প্রতিরোধে খুলনা মহানগর পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
এরই অংশ হিসেবে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পরিচালনার অভিযোগে গতকাল শুক্রবার রাতে দু’জনকে গ্রেপ্তার করেছে দৌলতপুর থানা পুলিশ।
গ্রেপ্তাররা হচ্ছে-পাবলা কারিকর পাড়ার কাজী মুন্সির পুত্র পারভেজ হাসান (২৯), কেশবলাল রোডস্থ কবির বটতলার মো. কামরুজ্জামানের পুত্র মো. সাব্বির হোসেন সৈকত (২৮)। এরা দু’জনই যুবলীগের সক্রিয় সদস্য।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী যুবলীগের তিনজন সদস্য ১০প্যাকেট তেহারী কিনে খালিশপুর আবু নাসের মোড়, গোয়ালখালির মোড় এবং দৌলতপুর থানাধীন লেকভিউ রেস্টুরেন্টের সামনে
নিজেদের অপকৌশল বাস্তবায়নে কিছু লোককে জড়ো করে বিতরণ করে। এর ছবি ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়।
নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমকে বেগবান করার চেষ্টার বিষয়টি নজরে আসার পর দৌলতপুর থানা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ছবি দেখে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে। এরমধ্যে দু’জনকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদুল ইসলাম বাসস’কে বলেন, গভীর রাতে খাদ্য বিতরণ করে এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে জনমনে পূর্বস্মৃতি জাগ্রত করার অপচেষ্টা চালানো হয়। পুলিশি তৎপরতায় তাদের এ অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে।
এ ঘটনায় অপু নামক অপর একজন ব্যক্তি পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি বলেন, নিষেধাজ্ঞা অমান্য করে কোনো সাংগঠনিক কার্যক্রম নয়, আইনের শাসন ও জননিরাপত্তাই সর্বাগ্রে। আইন ভঙ্গ করলে পরিচয় নয়, অপরাধই হবে বিবেচনার বিষয়।



















