মাগুরায় অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) চাউলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ করা হয়।
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মো. মাসুদ হাসান খান কিজিল।
বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন মাগুরা জেলা শাখার সভাপতি সালমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্তমান জেলা বিএনপির সদস্য মো. কুতুবউদ্দীন এবং চাউলিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসিনা খাতুন।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার ৩১ জন দুস্থ ও অসহায় নারীকে জীবিকা নির্বাহের জন্য একটি করে সেলাই মেশিন দেওয়া হয়। এছাড়া ৪৮ জনের প্রত্যেককে ১ হাজার ৫০০ টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই সহায়তা সুবিধাবঞ্চিত মানুষের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। পাশাপাশি তাদের জীবনযাত্রার মান উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।



















