দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের মতো একটি শক্তিশালী সংগঠনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, বিশেষায়িত এ ধরনের বাহিনীকে দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা জরুরি।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’-এর ওপর আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশনে স্বরাষ্ট্র বিষয়ক এ বিল নিয়ে বক্তব্য দেন লুৎফুজ্জামান বাবর।
তিনি বলেন, অতীতের কিছু নেতিবাচক অভিজ্ঞতার কারণে বিরোধী দলের সদস্যরা সাম্প্রতিক ঘটনাগুলোকে বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে র্যাব প্রতিষ্ঠার পর এর প্রাথমিক সফলতা এবং জঙ্গি ও সন্ত্রাস দমনে বাহিনীটির ভূমিকা ভুলে গেলে চলবে না।
লুৎফুজ্জামান বাবর আরও বলেন, এ ধরনের বিশেষায়িত বাহিনীর কার্যক্রম অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনা করা উচিত। অতীতের বিএনপি সরকারের সময়ে বেগম খালেদা জিয়ার নির্দেশে র্যাবকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
র্যাবের পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আগে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার সময় তিনি সরাসরি বাহিনীর নাম বা কাঠামো পরিবর্তনের পক্ষে ছিলেন না। তবে দেশের সামগ্রিক নিরাপত্তার বিষয় বিবেচনায় নতুন নামে ‘এসআরবি’ গঠন সময়োপযোগী উদ্যোগ।
তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি, সার্বভৌমত্ব রক্ষা এবং অভ্যন্তরীণ বা বৈদেশিকভাবে উসকে দেওয়া যেকোনো সন্ত্রাসী হামলা মোকাবিলায় এ ধরনের বিশেষ বাহিনীর প্রয়োজন রয়েছে। রাষ্ট্রের নিরাপত্তার গুরুত্বপূর্ণ অনেক বিষয় প্রকাশ্যে বলা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, প্রস্তাবিত বিলটি এ মুহূর্তে সমর্থন করা উচিত। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী এতে সংশোধন ও মূল্যায়নের সুযোগ থাকবে।



















