মাগুরায় এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেও ফল পরিবর্তন না হওয়ায় ফাহমিদা (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বাহারবাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফাহমিদা বাহারবাগ গ্রামের ইলিয়াস হোসেনের মেয়ে এবং বাহারবাগ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষায় ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলিয়ে ৬৪ নম্বর পেয়েও অকৃতকার্য হয় ফাহমিদা। ফল নিয়ে অসন্তুষ্ট হয়ে সে খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করে। তবে পুনর্নিরীক্ষণের পরও ফল পরিবর্তন না হওয়ায় মানসিকভাবে ভেঙে পড়ে সে।
পরে নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘সদর উপজেলার বাহারবাগ গ্রামে এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে শুনেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’



















