Tuesday , 8 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ভারত-আফগানিস্তান সিরিজের প্রোমো ভিডিও নিয়ে পাকিস্তানের আপত্তি

ভারত সফরে আফগানিস্তানের ওয়ানডে সিরিজের আগে প্রকাশিত একটি প্রোমো ভিডিওকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। ভিডিওতে ব্যবহৃত মানচিত্রে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) ও গিলগিট-বালতিস্তানকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে আপত্তি জানিয়েছে পাকিস্তান।

আগামী ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে রোববার নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রোমো ভিডিও প্রকাশ করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ভিডিওতে ব্যবহৃত মানচিত্র নিয়েই পাকিস্তানের আপত্তির সূত্রপাত।

সিএনএন-নিউজ১৮-এর তথ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে উদ্বেগ জানিয়েছে। সূত্রের বরাতে জানানো হয়েছে, ইসলামাবাদ চাইলে বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও উত্থাপন করতে পারে। তবে এ বিষয়ে এখনো পাকিস্তানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এদিকে সীমান্ত সংঘর্ষ ও বিমান হামলাসহ বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে আফগানিস্তান ও পাকিস্তানের সম্পর্ক আগে থেকেই উত্তেজনাপূর্ণ। পাকিস্তানের অভিযোগ, আফগান তালেবান তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)কে আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। দেশটির অভ্যন্তরে সংঘটিত একাধিক প্রাণঘাতী হামলার জন্যও টিটিপিকে দায়ী করে আসছে ইসলামাবাদ।

প্রোমো ভিডিওর সঙ্গে প্রকাশিত এক বার্তায় এসিবি জানিয়েছে, ভারত ও আফগানিস্তানের আসন্ন সিরিজ দুই দেশের মধ্যে নতুন করে সংযোগ গড়ে তোলার একটি উপলক্ষ। বার্তায় বলা হয়, ‘একটি সিরিজ যা আবারও দুটি দেশকে একসঙ্গে নিয়ে আসবে।’ পাশাপাশি ম্যাচগুলোকে দুই দেশের ইতিহাস, সংস্কৃতি ও ক্রিকেটপ্রেমের মিলনস্থল হিসেবেও উল্লেখ করা হয়েছে। এসিবি আরও বলেছে, ‘এগুলো শুধু ম্যাচ নয়। এগুলো আবেগ, উত্তেজনা আর গুরুত্বের মুহূর্ত, যেখানে আফগানআতালান মাঠে নামবে দেশের কোটি মানুষের আশা আর গর্ব নিয়ে।’

আগামী ১৩, ১৫ ও ১৭ সেপ্টেম্বর নয়াদিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও আফগানিস্তানের মধ্যকার তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।

সূত্র : নিউজ ১৮

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত