ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় মো. স্বপন মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। তিনি একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন এলাকায় পাসপোর্ট যাচাইয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার স্বপন মিয়া কুমিল্লার তিতাস উপজেলার মানিককান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। হত্যা মামলার আসামি হওয়ায় তিনি ইমিগ্রেশন পুলিশের তালিকায় ব্ল্যাকলিস্টেড ছিলেন।
ইমিগ্রেশন পুলিশ জানায়, স্বপন মিয়ার বয়স ৩০ বছর হলেও তার পাসপোর্টে বয়স ৫০ বছর উল্লেখ রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আখাউড়া ইমিগ্রেশন পুলিশের কর্মকর্তা দেওয়ান মোর্শেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বপন মিয়া একটি হত্যা মামলার আসামি। ভারতে যাওয়ার সময় তার পাসপোর্ট যাচাই করে মামলার তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়।



















