নাটোরের সিংড়া উপজেলায় অবৈধভাবে সার মজুত ও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তাদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রাম বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। সার ব্যবস্থাপনা আইন ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করেন সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম।
অভিযানে ব্যবসায়ী সোহেল হোসেনের দোকান থেকে ৮ বস্তা সার জব্দ করে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ব্যবসায়ী আব্দুস সালামের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
এ ছাড়া ব্যবসায়ী আবুল হাসেমের কাছ থেকে ৫৩ বস্তা সার জব্দ করে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্য ব্যবসায়ী মোবারকের কাছ থেকে ১৪৭ বস্তা সার জব্দ করে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড এবং ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ হাসান।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত আনজুম বাসসকে বলেন, অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির মাধ্যমে কৃষকদের হয়রানি করা হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



















