কক্সবাজারের নাজিরারটেক উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে স্থানীয় জেলেরা অভিযান চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোররাতে নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ রয়েছেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা যায়, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে যান। বৃহস্পতিবার ভোর প্রায় ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। একই সঙ্গে নিখোঁজ নুরুল আলম ও মুহিব উল্লাহকে উদ্ধারে স্থানীয় জেলেরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছেন।
তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।



















