বজ্রপাতের কারণে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসার গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন ছড়িয়ে পড়েনি এবং কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিরাজগঞ্জ পৌরসভার হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রহমান জানান, আগুন ছড়িয়ে যাওয়ার আগেই তা নিয়ন্ত্রণে আনা হয়।
তিনি বলেন, ‘বজ্রপাত থেকে মন্ত্রীর বাড়ির গ্যাস রাইজারে আগুনের সূত্রপাত হয়।’
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বজ্রপাতের সময় মন্ত্রীর বাসভবনের বাইরে থাকা গ্যাস রাইজারে বিকট শব্দে আগুন ধরে যায়। এ সময় বাড়ির নিরাপত্তা প্রহরী শফিকুল ইসলাম দ্রুত জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আব্দুর রহমান বলেন, ‘দুপুর সোয়া ১টার দিকে ফোন পেয়ে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও জানান, ঘটনার পর স্থানীয় গ্যাস অফিসের প্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত গ্যাস লাইনটি মেরামত করেন।



















