সিরাজগঞ্জের কাজীপুরে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহিদ সারোয়ারকে কুপিয়ে আহত করার ঘটনায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে নেতাকর্মীরা। পরে স্থানীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করা হয়।
রোববার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার সীমান্ত বাজার এলাকায় প্রায় দুই ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে আগুন জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় সড়কের বিভিন্ন স্থানে দফায় দফায় বিক্ষোভ মিছিলও করেন তারা।
আন্দোলনকারীদের অভিযোগ, শনিবার বিকেলে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদের প্ররোচনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহিদ সারোয়ারকে কুপিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় রাজু আহম্মেদকে দলীয় পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা।
এর আগে শনিবার বিকেলে উপজেলার গান্ধাইল ইউনিয়নের বড় মসজিদ মোড়ে সহিদ সারোয়ারকে কুপিয়ে আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কাজীপুর থানার ওসি পঞ্চানন্দ সরকার জানান, এ ঘটনায় সহিদ সারোয়ারের বোন বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহম্মেদসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেছেন।



















