নরসিংদীর মনোহরদী উপজেলায় তেলবাহী লরির ট্যাংকার থেকে ৯২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে উপজেলার মইষাকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১১ নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম শুক্রবার এ তথ্য জানান। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জের মাধবপুর উপজেলার শ্রীধরপুর এলাকার মো. আমির আলী (২৫), ব্রাহ্মণবাড়িয়া সদরের ঘাটুরা এলাকার ট্রাকচালক মো. আলাল খন্দকার (৩৫) এবং একই এলাকার চালকের সহকারী মো. মনির হোসেন (৩০)।
র্যাব জানায়, সিলেট ও হবিগঞ্জ থেকে মাদকের একটি বড় চালান তেলবাহী লরির ট্যাংকারে করে নরসিংদী হয়ে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে নেওয়া হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে র্যাব-১১, সিপিএসসি নরসিংদীর একটি অভিযানিক দল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একটি তেলবাহী ট্রাক থামিয়ে তল্লাশি চালালে ট্যাংকারের ভেতর থেকে ৯২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি জানান, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে মনোহরদী থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।



















