কুমিল্লার নাঙ্গলকোটে ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘গতিতেই শান্তি’ লিখে স্টোরি দেওয়ার এক ঘণ্টা পর মোটরসাইকেল দুর্ঘটনায় ইশাত আহমেদ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বটতলা চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইশাত আহমেদ নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর গ্রামের পূর্বপাড়া এলাকার প্রবাসী ইলিয়াসের একমাত্র ছেলে।
জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে ইশাত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘গতিতেই শান্তি’ লিখে একটি স্টোরি দেন। এর প্রায় এক ঘণ্টা পর রাত ৯টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বটতলা চত্বরের দিকে যাচ্ছিলেন।
পথে সরকারি হাসপাতালের সড়ক এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে যান। এতে তার মাথা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নাঙ্গলকোট থানার ওসি শাহিনূর ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ইশাত। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় কারও কোনো অভিযোগ নেই।



















