Wednesday , 2 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

হাঁসের খোপ থেকে ১১ ফুটের অজগর উদ্ধার

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 2, 2026 1:31 pm

সাতক্ষীরার শ্যামনগরে একটি বাড়ির হাঁসের খোপ থেকে প্রায় ১১ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। পরে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে সুন্দরবনের গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুন্দরবনসংলগ্ন বুড়িগোয়ালিনী ইউনিয়নের গাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বন বিভাগ ও স্থানীয় কমিউনিটি প্যাট্রোল গ্রুপের (সিপিজি) সদস্যরা অজগরটি উদ্ধার করেন।

স্থানীয় বাসিন্দা মোক্তার গাজী জানান, সকালে তার স্ত্রী প্রতিদিনের মতো হাঁসের খোপ খুলতে গেলে নয়টি হাঁসের মধ্যে তিনটি বের হয়ে আসে। বাকি হাঁসগুলো বের না হওয়ায় খোপের ভেতরে উঁকি দিয়ে তিনি একটি বড় অজগর দেখতে পান। এ সময় ভয় পেয়ে ‘সাপ, সাপ’ বলে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন।

স্ত্রীর চিৎকার শুনে মোক্তার গাজী ঘর থেকে বেরিয়ে আসেন। পরে আশপাশের লোকজন জড়ো হলে বন বিভাগকে খবর দেওয়া হয়। সকাল ৯টার দিকে বন বিভাগের সদস্য ও সিপিজির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে অজগরটি উদ্ধার করে বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনে নিয়ে যান।

স্থানীয় বাসিন্দা ইসমাইল সানা বলেন, সকালে হাঁসগুলো অস্বাভাবিকভাবে ডাকাডাকি করছিল। পরে খোপের ভেতরে বিশাল অজগর দেখা যায়। তার ভাষ্য, অজগরটি দুটি হাঁস খেয়েছে এবং আরেকটি হাঁসকে পেঁচিয়ে ধরেছিল। ধারণা করা হচ্ছে, পাশের সুন্দরবনের নদী সাঁতরে এসে খোপের ওপরের ফাঁকা জায়গা দিয়ে অজগরটি ভেতরে ঢুকেছে।

অজগর উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার মানুষ মোক্তার গাজীর বাড়িতে ভিড় করেন। অনেকে মুঠোফোনে ছবি ও ভিডিও ধারণ করেন। পরে উদ্ধারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

সিপিজির সদস্য জুলেখা বেগম বলেন, খবর পেয়ে তিনি ও সিপিজির আরেক সদস্য আবুল হোসেন ঘটনাস্থলে যান। তারা প্রথমে জায়গাটি ঘিরে রাখেন, যাতে কেউ অজগরের কাছে যেতে না পারেন। পরে প্রয়োজনীয় সরঞ্জাম এনে অজগরটি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, “আমরা সাধারণ মানুষকে সাপটির কাছে যেতে দিইনি। কেউ হাত দিলে সাপটি অন্য জায়গায় চলে যেতে পারত। তখন সেটিকে উদ্ধার করা কঠিন হয়ে যেত।”

বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন বলেন, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১১ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি। অজগরটি সুস্থ ছিল। উদ্ধারের পর লোহার খাঁচায় রাখার সময় এটি গিলে ফেলা দুটি হাঁস মুখ দিয়ে বের করে দেয়। পরে প্রয়োজনীয় পর্যবেক্ষণ শেষে অজগরটিকে সুন্দরবনের কলাগাছিয়া টহল ফাঁড়ি এলাকার গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বলেন, খাবারের সন্ধানে অজগরটি সুন্দরবন থেকে লোকালয়ে চলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। লোকালয়ের বাড়িঘরে ঢুকে অজগর সহজেই হাঁস-মুরগি ধরে খেতে পারে।

তিনি বলেন, বন্য প্রাণী হত্যা না করার বিষয়ে মানুষের মধ্যে সচেতনতা বেড়েছে। আগে সাপ দেখলে অনেকে পিটিয়ে মেরে ফেলতেন। এখন সাপ দেখলে বন বিভাগকে খবর দেওয়া হচ্ছে। এ কারণে উদ্ধার হওয়া অজগরটিও প্রাণে বেঁচেছে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত