মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক এবার প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদলে হাজির হয়ে সামাজিক মাধ্যমে আলোচনায় এসেছেন। নিজের ব্লগ সিরিজের নতুন পর্বে এই রূপে উপস্থিত হয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। পরে ২০২০ সালের দিকে ছোটপর্দায় অভিনয় শুরু করেন। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ এবং ‘ভাইরাল হ্যাজব্যান্ড’সহ বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি বর্তমানে তিনি সামাজিক মাধ্যমে ব্লগিংয়েও সক্রিয়।
সম্প্রতি ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’ শীর্ষক ব্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্বে বেগম খালেদা জিয়ার চরিত্রের সাজে ক্যামেরার সামনে আসেন চমক। ভিডিওটিতে প্রয়াত এই নেত্রীর পরিচিত পোশাক ও সাজসজ্জার অনুকরণ করা হয়েছে। ভিডিও প্রকাশের পর সামাজিক মাধ্যমে তা ব্যাপক সাড়া ফেলে।
‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ভিডিওটির ক্যাপশনে চমক লিখেছেন, এটি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর গল্প। সেখানে তিনি খালেদা জিয়াকে গণতন্ত্রের মা এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেন।
ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে ঢাকার জিয়া উদ্যানসহ বিভিন্ন স্থানে এবং স্টুডিওতে। এতে হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা ও চোখে সানগ্লাস পরিহিত অবস্থায় দেখা যায় চমককে। তার সাজ ও উপস্থাপনা বেগম খালেদা জিয়ার পরিচিত অবয়বের সঙ্গে বেশ মিল রয়েছে বলে মন্তব্য করেছেন অনেক দর্শক।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই চমকের অভিনয়, সাজসজ্জা ও উপস্থাপনার প্রশংসা করেছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, তাকে দেখে মুহূর্তের জন্য মনে হয়েছে যেন বেগম খালেদা জিয়াই পর্দায় উপস্থিত হয়েছেন।
উল্লেখ্য, চলতি বছর কুষ্টিয়ার একটি আসন থেকে সংরক্ষিত নারী আসনের জন্য বিএনপির মনোনয়ন ফরম কিনেও আলোচনায় এসেছিলেন রুকাইয়া জাহান চমক। সে সময় তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।



















