কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দুটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং বিপুল পরিমাণ তাজা গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযানের সময় অস্ত্র বহনকারী একটি কাঠের বোট জব্দ করা হলেও জড়িতরা পালিয়ে যায়।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, মায়ানমার থেকে নাফ নদীপথে বাংলাদেশের অভ্যন্তরে রোহিঙ্গা ক্যাম্পের একটি সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ১টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিসিজি স্টেশন টেকনাফ বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় নাফ নদীতে একটি সন্দেহজনক কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি অমান্য করে দ্রুত নাইট্যংপাড়া প্যারাবনের ভেতরে প্রবেশ করে। পরে বোটটি ফেলে রেখে চক্রের সদস্যরা পালিয়ে যায়। তল্লাশি চালিয়ে জালের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা একটি বিদেশি রাইফেল (ম্যাগাজিনসহ), একটি ৯ মিলিমিটার বিদেশি পিস্তল (ম্যাগাজিনসহ), ২২৯ রাউন্ড রাইফেলের তাজা গুলি, দুটি তাজা ও একটি ফাঁকা ৯ মিলিমিটার পিস্তলের গুলি এবং দুটি এমএ-১ রাইফেলের ম্যাগাজিন উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড জানায়, এ চক্রের সদস্যদের শনাক্ত ও আটকের জন্য গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও জব্দ করা বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং সীমান্ত এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা প্রতিরোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।



















