চট্টগ্রামের মীরসরাইয়ে একটি মাইক্রোবাসে অভিযান চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে অভিযানের সময় মাদক বহনকারী ব্যক্তিরা মাইক্রোবাস ফেলে পালিয়ে যায়।
রোববার (১৬ আগস্ট) মীরসরাই থানার ইকোনমিক জোন সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ জানায়, সন্দেহজনক একটি টয়োটা নোয়া মাইক্রোবাসের গতিবিধি নজরে এলে সেটিকে ধাওয়া করা হয়।
একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ১৩০ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, এ ঘটনায় অজ্ঞাতপরিচয় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মীরসরাই থানায় মামলা করা হয়েছে। পাশাপাশি পলাতকদের গ্রেফতার এবং উদ্ধার হওয়া মাদকের উৎস ও সরবরাহকারী চক্র শনাক্তে তদন্ত চলছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত গোয়েন্দা নজরদারি, চেকপোস্ট পরিচালনা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।



















