খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় গুলি করে যুবদলকর্মী ফখরুল শেখকে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত শুটার মোহাম্মদ ইব্রাহিম হাওলাদার ওরফে ‘কাটাপ্পা’কে যশোর থেকে গ্রেফতার করেছে র্যাব-৬। হত্যাকাণ্ডের পর থেকে ছায়াত দন্ত চালিয়ে তার অবস্থান শনাক্ত করে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, শনিবার রাত ১১টার দিকে যশোর শহরতলির ঝুমঝুমপুর এলাকার সীতারামপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইব্রাহিমকে গ্রেফতার করা হয়। র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বি প্রিন্স গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে একটি বাড়ি ঘিরে ঝটিকা অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ইব্রাহিমকে আটক করেন। পরে তাকে আইনি প্রক্রিয়ার জন্য রূপসা থানায় হস্তান্তরের কার্যক্রম শুরু করা হয়েছে।
গত ১১ আগস্ট দিবাগত রাত ১টার দিকে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের নৈহাটি গ্রামে ‘মেসার্স রূপসা ব্রিকস’ নামের নিজ ব্যাবসাপ্রতিষ্ঠানে অবস্থানকালে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন যুবদলকর্মী ফখরুল শেখ। পরে তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত ফখরুল নৈহাটি গ্রামের বাসিন্দা এবং রূপসা কলেজ ছাত্রদলের সাবেক নেতা ছিলেন। তিনি যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। র্যাব জানায়, হত্যার পর থেকেই ঘটনাটির ছায়াতদন্ত চলছিল। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমের যশোরে অবস্থানের তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।



















