শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ নিজ অর্থায়নে হতদরিদ্র ও অসহায় পরিবারের ২১৬ জন বেকার যুবককে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। এর অংশ হিসেবে প্রথম ধাপে ৫৩ জনের হাতে ভিসা ও বিমান টিকিট তুলে দেওয়া হয়েছে।
বুধবার সকাল ১০টায় রাজধানীর বারিধারায় এমপির ব্যবসাপ্রতিষ্ঠান মেটকো এন্টারপ্রাইজে আয়োজিত অনুষ্ঠানে বিদেশগামী যুবকদের হাতে ভিসা ও বিমান টিকিট হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেটকো এন্টারপ্রাইজের চেয়ারম্যান ফারহানা কাদির রহমান, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বকর সিদ্দিক, শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বিএনপির আহ্বায়ক এসএম হামিদ সরদার, নড়িয়া পৌরসভা বিএনপির সভাপতি সৈয়দ রিন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে ফারহানা কাদির রহমান বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হলেও শফিকুর রহমান কিরণ সেই অর্থ ব্যক্তিগত প্রয়োজনে নয়, নিজ জেলা ও নির্বাচনী এলাকার মানুষের কল্যাণে ব্যয় করছেন। মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলেও তিনি উল্লেখ করেন।
বিদেশগামীদের উদ্দেশে তিনি বলেন, বিদেশে গিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা, আত্মনির্ভরশীল হওয়া এবং পরিবারের ভবিষ্যৎ গড়ে তোলাই তাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। একই সঙ্গে দেশের ভাবমূর্তি সমুন্নত রেখে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সংসদ সদস্য শফিকুর রহমান কিরণ বলেন, অসহায় ও হতদরিদ্র পরিবারের আর্থিক অবস্থার উন্নয়নে বিনা খরচে বিদেশে পাঠানোর এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশগামীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হয়েছে। প্রথম ধাপে ৫৩ জনকে ভিসা ও টিকিট দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি ১৬৩ জনকেও বিদেশে পাঠানো হবে।
তিনি আরও বলেন, নির্বাচনী এলাকার মানুষের জন্য আরও বেশি কাজ করার ইচ্ছা রয়েছে তার। উদ্যোক্তাদের আশা, এ উদ্যোগের মাধ্যমে বিদেশগামী যুবকদের পাশাপাশি তাদের পরিবারও আর্থিকভাবে স্বাবলম্বী হবে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে।



















