Sunday , 23 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না : গণপূর্তমন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, ভবন নির্মাণে বিদ্যমান আইন, বিধি ও নীতিমালার যথাযথ বাস্তবায়নের অভাব ছিল। এখন থেকে অনুমোদিত নকশা ও আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো ভবন নির্মাণের সুযোগ দেওয়া হবে না।

রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম এবং অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন।

জাকারিয়া তাহের বলেন, অনুমোদিত নকশায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) ও সোক ওয়েল অন্তর্ভুক্ত থাকলেও অনেক ডেভেলপার প্রতিষ্ঠান তা নির্মাণ করেনি। ভবিষ্যতে আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করা হবে এবং অনুমোদিত নকশার বাইরে কোনো ভবন নির্মাণ করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের সদস্যদের আইন মেনে ভবন ও আবাসন প্রকল্প বাস্তবায়নে সচেতন হতে হবে। একই সঙ্গে রাজউকের ভূমি ব্যবহার ছাড়পত্র ও নকশা অনুমোদনের পুরো প্রক্রিয়া শতভাগ ডিজিটাল করা হচ্ছে। পাশাপাশি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের বিধিমালা সংশোধনের মাধ্যমে রাজধানীর বাইরের ডেভেলপার প্রতিষ্ঠানগুলোকে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বলেন, অনেক গ্রাহক দীর্ঘদিন আগে অর্থ পরিশোধ করেও এখনো তাদের ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট বুঝে পাননি। আবার কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় অনেকেই বছরের পর বছর জমা দেওয়া অর্থ ফেরত পাচ্ছেন না। এসব বিষয় মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনার আহ্বান জানান তিনি।

মতবিনিময় সভায় রিহ্যাব ও বাংলাদেশ ল্যান্ড ডেভেলপার অ্যাসোসিয়েশনের নেতারা আইন ও বিধি মেনে ভবন নির্মাণ এবং আবাসন উন্নয়নের বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এ সময় তারা ঢাকা মহানগর বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা সম্পর্কেও নিজেদের মতামত তুলে ধরেন।

সর্বশেষ - আইন-আদালত