মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগঞ্জ উপজেলার আলিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকন রামগঞ্জ পৌরসভার জগতপুর গ্রামের যোগীবাড়ির বাসিন্দা। তিনি রামগঞ্জের আরএসএল নেটওয়ার্কে সিনিয়র টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, ইকনসহ তিনজন একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় আলিপুর বাজারসংলগ্ন এলাকায় একটি জিপ গাড়ির সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রামগঞ্জে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ইকনের মৃত্যু হয়। আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
নিহতের চাচাতো ভাই রুবেল জানান, মাত্র তিন দিন আগে ইকনের বিয়ে হয়েছিল। নতুন সংসারকে ঘিরে পরিবারের আনন্দের মধ্যেই এই দুর্ঘটনায় সবকিছু মুহূর্তেই শোকে পরিণত হয়। নববধূকে রেখে না ফেরার দেশে চলে যান তিনি।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।



















