নেত্রকোনার কলমাকান্দায় বিদ্যালয়ের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারসহ ছয় দফা দাবিতে প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। দাবি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ না থাকায় তারা এ কর্মসূচি পালন করেছে বলে জানিয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষকরা জানান, গত ১৬ আগস্ট একই দাবিতে শিক্ষার্থীরা মানববন্ধন ও সড়কে অবস্থান কর্মসূচি পালন করেছিল। ওই সময় নদীর পাড় দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, মিল-কারখানার দূষণ বন্ধ, অন্যের দখলে থাকা বিদ্যালয়ের জমি উদ্ধারসহ ছয় দফা দাবি জানানো হয়। তবে এরপরও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—অবৈধ দখলে থাকা বিদ্যালয়ের জমি উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর, নিরাপদ ও উন্মুক্ত খেলার মাঠ নিশ্চিত করা, বহুতল ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ, বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় সীমানাপ্রাচীর নির্মাণ ও আইনি সুরক্ষা দেওয়া, আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং সরকারি খাসজমি ও নদীর চর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও মিল-কারখানার দূষণ বন্ধ করা।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের জমি দখল, খেলার মাঠের সংকট এবং আশপাশের পরিবেশগত সমস্যার কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলার মাঠের পাশাপাশি বিদ্যালয়ের নিজস্ব সম্পত্তি সংরক্ষণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানায়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এন.এম. আব্দুল্লাহ আল মামুন কার্যালয়ের সামনে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের বক্তব্য শোনেন এবং দাবিগুলো নিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পরে শিক্ষার্থীরা কর্মসূচি শেষ করে বিদ্যালয়ে ফিরে যায়।



















