ফরিদপুরের মধুখালী উপজেলায় রাস্তার পাশ থেকে কার্টনে ভরা অজ্ঞাত এক ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বোয়ালিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বোয়ালিয়া এলাকায় সড়কের পাশে তিনটি কার্টন পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে কার্টনগুলো থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের সন্দেহ হয়। বিষয়টি মধুখালী থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কার্টনগুলো জব্দ করে।
পরে কার্টন খুলে এক ব্যক্তির দেহ থেকে বিচ্ছিন্ন ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কার্টনবন্দি অবস্থায় অজ্ঞাত ব্যক্তির ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তে পিবিআইসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কাজ করছে।
তিনি আরও বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।



















