ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা করেই হয়তো রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ভার্চুয়ালি কর্মসূচির উদ্বোধনে অংশ নেন রাশেদ খান। পরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাশেদ খান বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে হয়তো যোগাযোগ করেই আওয়ামী লীগ এসব মিছিল করার সাহস দেখিয়েছে। তিনি বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াতে ইসলামী বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল। এবারও আওয়ামী লীগ জামায়াতের কারণে আন্দোলন করার সাহস পাচ্ছে।
তিনি আরও বলেন, জামায়াত নেতারা বলছেন, আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে তাদের আপত্তি নেই। কিন্তু দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতি আর মেনে নেবে না।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি নেতৃত্ব দিয়েছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছেন। তাই বিএনপি ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সব পক্ষকে ঐক্যবদ্ধ রাখতে চায়।
তিনি অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদবিরোধী শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে।
এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র্যালিতে অংশ নেন রাশেদ খান। এ সময় জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশা, যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



















