টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ধারাবাহিক উন্নতির প্রশংসা করে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর নিয়েও আশাবাদ ব্যক্ত করেছেন প্রোটিয়াদের সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। তাঁর বিশ্বাস, কঠিন কন্ডিশনেও বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে সক্ষম হবে।
সম্প্রতি ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯ উইকেটের ঐতিহাসিক জয় তুলে নেয় বাংলাদেশ। ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলে স্বাগতিকদের হারানোর পাশাপাশি এশিয়ার কোনো দল হিসেবে সবচেয়ে কম সময়ে অস্ট্রেলিয়ায় টেস্ট জয়ের রেকর্ডও গড়ে টাইগাররা। ডি ভিলিয়ার্সের মতে, এই পারফরম্যান্স প্রমাণ করে বাংলাদেশ দেশের বাইরেও শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই করার সামর্থ্য অর্জন করেছে।
একটি পডকাস্টে ডি ভিলিয়ার্স বলেন, “আমার মনে হচ্ছে দক্ষিণ আফ্রিকার মাটিতে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেবে। সফরের জন্য বিশ্বের সবচেয়ে কঠিন জায়গাগুলোর একটি হলো দক্ষিণ আফ্রিকা, বিশেষ করে ব্যাটারদের জন্য। এখানে বল পিচে পড়ে শুধু সুইংই করে না, সিম মুভমেন্টও করে। এই পরিস্থিতির সঙ্গে খুব বেশি খেলোয়াড় অভ্যস্ত নয়, তাই মানিয়ে নেওয়াটা সত্যিই কঠিন।”
দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক নিজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, এমন কন্ডিশনে শুধু উইকেটে টিকে থাকাই যথেষ্ট নয়, পরিস্থিতি অনুযায়ী কৌশলও পরিবর্তন করতে হয়। তাঁর ভাষায়, “আমি কখনো ক্রিজ ছেড়ে সামনে বেরিয়ে আসতাম, কখনো স্টাম্প পুরোপুরি ঢেকে রাখতাম, আবার কখনো স্টাম্প উন্মুক্ত রেখে খেলতাম। পরিস্থিতি বুঝেই কৌশল ঠিক করতাম।”
বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে।



















