লক্ষ্মীপুরে সাবেক শিক্ষক ও জেলা জজ আদালতের আইনজীবী আবুল হোসেনকে অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় মেহেদী হাসান তুষারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তাকে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকা থেকে তুষারকে গ্রেপ্তার করা হয়। তিনি ২০২৫ সালের ১৬ মে সদর মডেল থানায় দায়ের করা অপহরণ মামলার পলাতক আসামি ছিলেন। ভুক্তভোগী আবুল হোসেনের স্ত্রী হাছিনা আক্তার এ মামলাটি দায়ের করেন।
গ্রেপ্তারকৃত মেহেদী হাসান তুষার লক্ষ্মীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকার ভেন্ডর বাড়ির বাহার উদ্দিনের ছেলে। তিনি নিজেকে জামায়াতের লক্ষ্মীপুর শহর যুব বিভাগের সহপ্রচার সম্পাদক হিসেবে পরিচয় দিতেন। তবে জামায়াত ২০২৫ সালের ২৯ জুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, তুষার জামায়াতের কেউ নন। সম্প্রতি জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন কমিটির পরিচিত সভায় তাকে দেখা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৫ মে শহরের বাগবাড়ি এলাকা থেকে আবুল হোসেনকে মোটরসাইকেলে করে তুষারসহ প্রায় ১০ জন অজ্ঞাত স্থানে নিয়ে যান। আবুল হোসেন বালিকা বিদ্যা নিকেতনের সাবেক প্রধান শিক্ষক ও জেলা জজ আদালতের আইনজীবী।
অভিযোগ অনুযায়ী, অপহরণের পর আবুল হোসেনের কাছে থাকা বাউবি শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণের ১ লাখ ৪৭ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। পরে তার কাছে আরও ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয় এবং পরে বালিকা বিদ্যানিকেতন এলাকায় এনে ভয়ভীতি দেখানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে।
আবুল হোসেন বলেন, “তুষার আমাকে অপহরণ করেছিলেন, টাকাও নিয়েছেন। তিনি আমার ১০ লাখ টাকার মতো ক্ষতি করেছেন। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি তার শাস্তি চাই।”
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ কালবেলাকে বলেন, তুষার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুর আদালতে সোপর্দ করা হয়েছে।



















