হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাই দুবাইয়ের একটি ফ্লাইট থেকে ৯ হাজার ৩৩১ গ্রাম (প্রায় ৯.৩৩ কেজি) স্বর্ণ জব্দ করেছে কাস্টমস হাউস। জব্দ করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে ঢাকার কাস্টমস হাউস জানতে পারে, ফ্লাই দুবাইয়ের এফজেড-৫২৩ (এফজেড৫২৩) ফ্লাইটে স্বর্ণ চোরাচালান হতে পারে।
খবর পাওয়ার পর বিমানবন্দরে দায়িত্বে থাকা কাস্টমস কর্মকর্তারা ফ্লাইটটিতে বিশেষ তল্লাশি চালানোর জন্য উপস্থিত হন। পরে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের উপস্থিতিতে রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে যাত্রীবিহীন অবস্থায় থাকা ফ্লাইটটিতে তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে বিমানের ১৯এ নম্বর সিটের নিচে কালো স্কচটেপে মোড়ানো অবস্থায় কিছু বস্তু পাওয়া যায়। পরে সেগুলো কাস্টমস হলে নিয়ে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ইনভেন্টরি করা হলে ৮০টি স্বর্ণবার উদ্ধার করা হয়।
এনবিআর জানায়, উদ্ধার করা স্বর্ণবারগুলোর মোট ওজন ৯৩৩১ গ্রাম। এগুলো মালিকবিহীন অবস্থায় পাওয়া গেছে। সরকারি নির্ধারিত শুল্ক-কর ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে অত্যন্ত কৌশলে বিমানের সিটের নিচে এসব স্বর্ণ লুকিয়ে আনা হয়েছিল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাস্টমস হাউস, ঢাকা ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে এই চোরাচালান প্রতিহত করা সম্ভব হয়েছে। জব্দ করা স্বর্ণবারগুলো বিমানবন্দর কাস্টমসের মূল্যবান গুদামে রাখা হয়েছে এবং প্রচলিত বিধি অনুযায়ী মূল্যবান ধাতু হিসেবে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এনবিআর জানিয়েছে, দেশের অর্থনীতি সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে কাস্টমস হাউস, ঢাকা নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

















