Tuesday , 1 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

স্থানীয় নির্বাচন নিয়ে ৯ দাবি জানাল জামায়াত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 1, 2026 11:49 am

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৯ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবির কথা জানান।

জামায়াতের দাবিগুলোর মধ্যে রয়েছে—স্থানীয় সরকার নির্বাচনে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখা, নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ না দেওয়া এবং নির্বাচন কমিশনে রাজনৈতিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়োগ বাতিল করা।

এ ছাড়া উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উন্নয়ন কর্তৃপক্ষে নিয়োগ পাওয়া প্রশাসকদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ বাতিলের দাবি জানিয়েছে দলটি। তফসিল ঘোষণার পর প্রশাসকের পদ থেকে পদত্যাগ করলেও তারা যেন নির্বাচনে অংশ নিতে না পারেন, সে বিষয়ে বিধান করার আহ্বান জানানো হয়েছে।

নির্বাচনে মন্ত্রী, সংসদ সদস্য ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ব্যক্তিদের প্রচারণায় অংশগ্রহণ বন্ধে কঠোর আচরণবিধি প্রণয়নের দাবিও জানিয়েছে জামায়াত। দলটির অভিযোগ, বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে সরকারি অর্থ ও উন্নয়ন বরাদ্দ ব্যবহারের মাধ্যমে রাজনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।

নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব হিসেবে শামসুল আলমের নিয়োগ নিয়েও আপত্তি জানিয়েছে জামায়াত। মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, ওই কর্মকর্তা বিএনপির নির্বাচনবিষয়ক সাব-কমিটির সক্রিয় সদস্য ছিলেন। রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ থাকায় তার নিয়োগ বাতিলের দাবি জানিয়েছে দলটি।

এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশের শিক্ষকরা স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার পাশাপাশি রাজনীতি ও ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা অংশ নিয়েছেন।

তিনি বলেন, শুধু স্থানীয় নির্বাচনে শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বন্ধ করা সংবিধানের ২৭ ও ২৮ অনুচ্ছেদে বর্ণিত সমানাধিকারের নীতির পরিপন্থি। এ সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনকে জোর তাগিদ দেওয়া হয়েছে। অন্যথায় বিষয়টি আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

নিষিদ্ধ রাজনৈতিক দলের পদধারীদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে জামায়াতের দাবি, কোনো সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলে ওই সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিদের নির্বাচনে অংশ নেওয়াও রাজনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত। তবে সাধারণ সমর্থকদের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ আরোপের দাবি জানায়নি দলটি।

গোলাম পরওয়ার বলেন, কয়েকটি বিষয়ে নির্বাচন কমিশন তাদের দাবির সঙ্গে একমত হয়েছে। তবে কিছু বিষয়ে কমিশন নিজেদের সীমাবদ্ধতার কথা জানিয়েছে। জনদাবি ও নাগরিক সমাজের পর্যালোচনার পর কমিশন দাবিগুলো বিবেচনা করবে বলে তারা আশা করছেন।

স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের অংশগ্রহণের বিষয়ে তিনি বলেন, নির্বাচন দলীয় প্রতীকে না হওয়ায় দল থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হবে না। আগ্রহীরা নিজ নিজ অবস্থান থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেবেন।

জাতীয় নির্বাচনের জন্য গঠিত ১১ দলীয় ঐক্য প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, এই ঐক্য কেবল জাতীয় নির্বাচনকেন্দ্রিক। স্থানীয় নির্বাচনে শরিক দলগুলো নিজেদের সিদ্ধান্ত অনুযায়ী অংশ নেবে।

সর্বশেষ - লাইফস্টাইল