চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ মোবারক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার মোবারক কারাবন্দি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী। স্থানীয়ভাবে তিনি ‘গলাকাটা মোবারক’ নামে পরিচিত বলে জানা গেছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাঞ্চননগর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। একপর্যায়ে অস্ত্রসহ মোবারককে গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান মোবারককে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অভিযানের বিস্তারিত তথ্য পরে জানানো হবে।


















