বগুড়ার গাবতলীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে রশি দিয়ে হাত বেঁধে মারধর এবং মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে ইদ্রিস আলী (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৫ আগস্ট) মধ্যরাতে উপজেলার নারুয়ামালা ইউনিয়নের হাঁপানিয়া উত্তরপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের মৃত মন্টু আকন্দের ছেলে।
মামলার এজাহার অনুযায়ী, পারিবারিকভাবে বিয়ে হওয়ার পর থেকেই বিভিন্ন সময়ে ইদ্রিস আলী তার স্ত্রীকে নির্যাতন করতেন। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নির্যাতনের অভিযোগে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলেও পরিস্থিতির পরিবর্তন হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সাংসারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইদ্রিস আলী ঘরের দরজা বন্ধ করে স্ত্রীর দুই হাত রশি দিয়ে বেঁধে মারধর করেন এবং তার মাথার চুল কেটে দেন। পরে তাকে ঘরে আটকে রেখে ভয়ভীতি ও হুমকি দিয়ে বাইরে চলে যান।
পরে ওই গৃহবধূ তার ১২ বছর বয়সী মেয়ের সহায়তায় ঘর থেকে বের হয়ে গাবতলী উপজেলার জয়ভোগা গ্রামে বাবার বাড়িতে যান। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন বলেন, ভুক্তভোগী গৃহবধূর দায়ের করা মামলায় ইদ্রিস আলীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


















