কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও এক যুবক নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও লাইফগার্ড সদস্যরা অভিযান চালাচ্ছেন।
বুধবার (২৬ আগস্ট) বেলা আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত পর্যটক ইয়াছির খাঁন (২৫) ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা। নিখোঁজ মোহাম্মদ ইব্রাহিমের (২৩) বাড়িও একই এলাকায়। তাদের পূর্ণ পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
ট্যুরিস্ট পুলিশ জানায়, ঢাকার আফতাবনগর থেকে পাঁচজনের একটি দল কক্সবাজারে বেড়াতে এসে হোটেলে মালামাল রেখে লাবণী সৈকতের জলতরঙ্গ হোটেলের সামনে গোসলে নামেন। ওই স্থানে গোসল করা ঝুঁকিপূর্ণ উল্লেখ করে লাল পতাকা টানানো থাকলেও তা উপেক্ষা করে পানিতে নামার কিছুক্ষণ পর পাঁচজনই স্রোতে পড়ে যান। এর মধ্যে তিনজন নিজ উদ্যোগে তীরে উঠতে সক্ষম হলেও ইয়াছির ও ইব্রাহিম সৈকতের ওই অংশে সৃষ্টি হওয়া গর্তে আটকে পড়েন।
সহযাত্রীরা বিষয়টি লাইফগার্ডকে জানালে তারা দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন। লাইফগার্ড সদস্যরা ইয়াছিরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে অনেক চেষ্টা করেও ইব্রাহিমকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ট্যুরিস্ট পুলিশের এসপি (ভারপ্রাপ্ত) আজমল হোসেন জানান, নিখোঁজ ইব্রাহিমকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও সি-সেইফ লাইফগার্ড সদস্যরা যৌথভাবে কাজ করছেন। নিহত ও নিখোঁজ দুই পর্যটকের পূর্ণ পরিচয় নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। পরিবারের সদস্যরা কক্সবাজারে আসছেন।


















