পুলিশ বাহিনীকে জনবান্ধব ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপান্তরের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বড় কোনো পরিবর্তন রাতারাতি সম্ভব নয়; দীর্ঘদিনের কাঠামোগত সমস্যা কাটিয়ে নতুন গতি আনতে সময় প্রয়োজন।
বুধবার (২৬ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের যেকোনো স্থানে অপ্রীতিকর ঘটনা ঘটলে প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়েছে। রংপুরের সাম্প্রতিক একটি ঘটনার উদাহরণ দিয়ে তিনি বলেন, খবর পাওয়ার পর পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নিয়েছে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পুলিশ সংস্কারের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, “পুলিশ বাহিনী ধীরে ধীরে আরও জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। তারা বর্তমানে জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। তবে এই আমূল পরিবর্তনের পূর্ণাঙ্গ প্রতিফলন দেখতে হলে দেশবাসীর ধৈর্য ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, সরকার পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় লজিস্টিক ও নীতিগত সহায়তা দিচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তাকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিএনপি আয়োজিত এ দোয়া মাহফিলে দলটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।



















