ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষক অমরেন্দ্র ভৌমিক ও তার স্ত্রী মিনাক্ষী রাণী ভৌমিকের মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গরুর জন্য ঘাস কাটতে বৈদ্যুতিক মেশিন ব্যবহার করছিলেন কৃষক অমরেন্দ্র ভৌমিক। এ সময় মেশিনের তারে বিদ্যুতের লিকেজ থাকায় পুরো মেশিনে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। মেশিন স্পর্শ করার সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার করে ওঠেন।
স্বামীর চিৎকার শুনে দৌড়ে এসে তাকে উদ্ধার করতে যান স্ত্রী মিনাক্ষী রাণী ভৌমিক। স্বামীকে ধরে টানতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুজন অচেতন হয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর তিনি জেনেছেন।



















