সিরাজগঞ্জের রায়গঞ্জে সংসদ সদস্য ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুর মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় তদন্তের জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২৫ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে রায়গঞ্জ পৌর এলাকার ধানগড়া বাজারে অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করা হয়। তিনি ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।
সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে এমপি আয়নুল হকের ওপর হামলার প্রধান আসামি তমালকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনা তদন্তে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ জানান, জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক এবং ভিপি শামীম খানকে সদস্য সচিব করে এই তদন্ত কমিটি করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নির্দেশে কমিটি গঠন করা হয়।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট সন্ধ্যায় সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার স্থাপনের স্থান নির্ধারণ নিয়ে ধানগড়া বাজার এলাকায় আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন স্থানীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক। সভা শেষে বের হওয়ার সময় তার গাড়িতে হামলা চালানো হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়।
এ ঘটনায় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা করেন। মামলার পর ওইদিন রাতেই এজাহারভুক্ত দুই আসামি হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেন ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদিরকে গ্রেপ্তার করা হয়।



















