টাঙ্গাইলের ভূঁঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ জনকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সোমবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে চাঁদপুর জেলার মতলব উপজেলার আক্তার হোসেন (৪৬)কে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সিরাজগঞ্জের শাহজাদপুরের রাসেল (৪৬), বরিশালের বানারিপাড়ার জামাল (৬৩), উজিরপুরের গিয়াস (৩৫), বরগুনা সদরের বাদল (৪২), পিরোজপুরের ভান্ডারিয়ার মনির হোসেন (৫২) এবং বরগুনা সদরের রিয়াজুল (২২) প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান বাসসকে জানান, অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে ৭ ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৪ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্ট পরিচালনাকালে ভূঁঞাপুর থানার এস আই রুবেল, নৌ পুলিশের এস আই আবুল কালাম আজাদ ও তাদের সঙ্গীয় ফোর্স, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



















