মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানকে পরাজিত করার পর হরমুজ প্রণালীকে শিগ্গিরই যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে। একই সঙ্গে তিনি ইরান যুদ্ধে পরাজিত হচ্ছে বলেও মন্তব্য করেন।
শুক্রবার নিউইয়র্ক অঙ্গরাজ্যের একটি পুলিশ একাডেমিতে আয়োজিত রাজনৈতিক সমাবেশে ট্রাম্প এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘ইরানকে পরাজিত করার কাজ শেষ করার পর আমি খুব শিগ্গিরই হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করব।’ এ কথা বলার সময় তিনি মুচকি হাসেন এবং পরে যোগ করেন, ‘যুদ্ধে ইরান খুব খারাপভাবে পরাজিত হচ্ছে।’ এরপর তিনি বলেন, ‘এটা সত্যি।’
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিতর্কিত পারমাণবিক কর্মসূচি বন্ধ করা এবং দেশটিতে গণ-অভ্যুত্থান উসকে দেওয়ার ঘোষিত লক্ষ্য নিয়ে ২৮ ফেব্রুয়ারি ইসরাইলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র।
প্রতিবেদনে আরও বলা হয়, পাল্টা প্রতিক্রিয়ায় ইরান হরমুজ প্রণালীর একটি বড় অংশের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। বিশ্বব্যাপী জ্বালানি ও অন্যান্য পণ্য পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা চলছে।
এতে আরও উল্লেখ করা হয়েছে, ইরান বেসামরিক জাহাজ চলাচলের ওপর ব্যাপক বিধিনিষেধ আরোপ করেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইরানের অর্থনীতিকে দুর্বল করার লক্ষ্যে দেশটির বন্দরগুলো অবরোধ করে রেখেছে।
সমাবেশে উপস্থিত সমর্থক ও পুলিশ সদস্যদের উদ্দেশে ট্রাম্প বলেন, ‘আমাদের অবরোধ রয়েছে। আমরা চাইলে তবেই কোনো জাহাজ সেখান দিয়ে যেতে পারবে।’



















