Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

রানা প্লাজা নির্মাণে দুর্নীতি: সোহেল রানাসহ ৮ আসামির রায় ১ সেপ্টেম্বর

সাভারে রানা প্লাজা নির্মাণে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় ভবন মালিক সোহেল রানাসহ আট আসামির বিরুদ্ধে রায় ঘোষণার জন্য আগামী ১ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। রায় প্রস্তুত না হওয়ায় পূর্বনির্ধারিত দিনে তা ঘোষণা করা সম্ভব হয়নি।

রোববার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বিএম তারিকুল কবীরের আদালতে মামলাটির রায় ঘোষণার কথা ছিল। তবে রায় প্রস্তুত না থাকায় আদালত নতুন করে আগামী ১ সেপ্টেম্বর রায়ের তারিখ নির্ধারণ করেন।

মামলার অন্য আসামিরা হলেন সাভার পৌরসভার সাবেক মেয়র রেফাত উল্লাহ, সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মাহবুবুর রহমান, সাবেক উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল হাসান রাসেল, সাবেক টাউন প্ল্যানার ফারজানা ইসলাম এবং লাইসেন্স পরিদর্শক মো. আব্দুল মোত্তালিব। বিচার চলাকালে সোহেল রানার বাবা আবদুল খালেক ও মা মর্জিনা খাতুন বেগম মারা যাওয়ায় তাদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড-সংলগ্ন রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৬ জন নিহত এবং দেড় হাজারের বেশি মানুষ আহত হন। ঘটনার পর ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগ তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে ২০১৪ সালের ১৫ জুন দুদকের উপ-সহকারী পরিচালক এস এম মফিদুল ইসলাম নকশাবহির্ভূত ভবন নির্মাণের অভিযোগে সাভার থানায় ১৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তদন্তে ভবনটির মূল দেখভালকারী হিসেবে সোহেল রানার সম্পৃক্ততা প্রমাণিত হলে তাকে অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করা হয়। এরপর ২০১৭ সালের ২৩ ফেব্রুয়ারি তৃতীয় দফায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করে সোহেল রানা ও তাঁর বাবা-মাসহ ১৮ জনকে আসামি করা হয়। একই বছরের ২১ মে আদালত সোহেল রানাসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন এবং মোহাম্মদ আলী খানসহ আটজনকে মামলা থেকে অব্যাহতি দেন। মামলার বিচার চলাকালে ২০ জন সাক্ষীর মধ্যে ১৯ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত