রাজধানী ঢাকায় সফলভাবে বাস্তবায়নের পর এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন (এআই) ক্যামেরাভিত্তিক ট্রাফিক ব্যবস্থাপনা চালু হচ্ছে। আগামী ১৮ আগস্ট, মঙ্গলবার থেকে দেশের মহাসড়ক পর্যায়ে প্রথমবারের মতো এ প্রযুক্তিনির্ভর কার্যক্রম শুরু হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে ইতোমধ্যে এআই ক্যামেরা স্থাপন এবং প্রাথমিক পরীক্ষামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। তাদের মতে, এই ব্যবস্থা ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সড়ক দুর্ঘটনা কমাতে সহায়ক হবে।
ট্রাফিক বিভাগের কর্মকর্তারা বাসসকে বলেন, মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত, ট্রাফিক শৃঙ্খলা জোরদার এবং আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন ব্যবস্থায় নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টো পথে যানবাহন চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় প্রচলিত আইন অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে জরিমানা করা হবে।
১৫ আগস্ট শনিবার রাতে হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, এআই ক্যামেরার মাধ্যমে আইন অমান্যকারী যানবাহন শনাক্ত করা হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে। পরে যানবাহনের মালিক বিকাশ, নগদসহ অনুমোদিত মোবাইল আর্থিক সেবার মাধ্যমে নির্ধারিত জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।
মুনতাসিরুল ইসলাম বলেন, প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং জরিমানা আদায়ের প্রক্রিয়া আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে। এ উদ্যোগ বাস্তবায়নে যাত্রী, পরিবহন মালিক, শ্রমিক নেতা এবং সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতা কামনা করেছে হাইওয়ে পুলিশ।



















