ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো তারকা জেসমিন ভাসিন একের পর এক শারীরিক জটিলতার মুখোমুখি হচ্ছেন। সম্প্রতি একটি স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পাওয়ার পর তিনি সাময়িকভাবে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কিছুদিন আগে দুবাইয়ে জন্মদিন উদযাপনের সময় তীব্র পেটব্যথায় অসুস্থ হয়ে পড়েন জেসমিন ভাসিন। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় তার ‘টার্মিনাল আইলাইটিস’ নামের অন্ত্রের একটি গুরুতর সংক্রমণ ধরা পড়ে।
সেই অসুস্থতা কাটিয়ে ওঠার আগেই জনপ্রিয় রিয়েলিটি শো ‘খাতরো কে খিলাড়ি ১৫’-এর সেটে একটি ঝুঁকিপূর্ণ স্টান্ট করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। চিকিৎসকরা তাকে টানা ৭২ ঘণ্টা সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেন। আঘাতের কারণে তিনি কিছু সময়ের জন্য স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন এবং এখনো জীবনের কিছু পুরোনো ঘটনার স্মৃতি পুরোপুরি ফিরে পাননি।
জেসমিন জানান, স্টান্টটি শেষ হওয়ার পর ঠিক কী ঘটেছিল, তার কিছুই মনে নেই। এমন অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে, তা তিনি কখনো কল্পনাও করেননি। ঘটনার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও সেই সময়ের অনেক স্মৃতি এখনো তার মনে ফিরে আসেনি, যা তাকে উদ্বিগ্ন করে তুলছে।
শারীরিক প্রতিকূলতার মধ্যেও মানসিকভাবে দৃঢ় থাকার চেষ্টা করছেন এই অভিনেত্রী। বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। সেই ভয়াবহ ঘটনার কথা মনে পড়লে এখনো অস্বস্তি অনুভব করলেও তিনি নিজেকে আগের তুলনায় আরও মানসিকভাবে শক্তিশালী বলে মনে করছেন।



















