Sunday , 16 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

লালমনিরহাটে ১৫০ কোটি টাকায় আধুনিক মাদক নিরাময় কেন্দ্র নির্মাণের উদ্যোগ

সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ১৫০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু হওয়ার আশা করা হচ্ছে।

রোববার দুপুরে লালমনিরহাট শহরের মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের নবনির্মিত ছয়তলা একাডেমিক ভবনের উদ্বোধন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, প্রকল্পটির জন্য সরকার ইতোমধ্যে ১৫০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

আসাদুল হাবিব দুলু বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় লালমনিরহাটে মাদকের প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদারের পাশাপাশি মাদকাসক্তদের চিকিৎসা, পুনর্বাসন এবং সামাজিক সচেতনতা কার্যক্রম সমন্বিতভাবে পরিচালনা করতে হবে। তিনি আরও বলেন, মাদকাসক্ত তরুণদের চিকিৎসার পাশাপাশি তাদের পরিবারের জন্যও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা জরুরি। এ বিষয়টি সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপনের পরই মাদক নিরাময় কেন্দ্র ও হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে চিকিৎসা ও পুনর্বাসনের সুযোগ বাড়ানোর পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোর সম্পৃক্ততা প্রয়োজন। তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষায় দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

‘আলোকিত লালমনিরহাট’ উদ্যোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, জুয়া, ঘুষ ও দুর্নীতিসহ বিভিন্ন সামাজিক ব্যাধির বিরুদ্ধে জনসম্পৃক্ততা বাড়াতে এ কর্মসূচি পরিচালিত হচ্ছে। এ কার্যক্রম আরও জোরদার করা গেলে লালমনিরহাটকে মাদক নিয়ন্ত্রণে একটি দৃষ্টান্তমূলক জেলায় পরিণত করা সম্ভব হবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে মজিদা খাতুন সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার রায়ের সভাপতিত্বে পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, কলেজের উপাধ্যক্ষ ও আহ্বায়ক মো. শরিফুল ইসলাম, প্রকৌশলী মো. গোলাম মোস্তফা এবং শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল করিম সাদেকী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন।

সর্বশেষ - আইন-আদালত