জেলার গোবিন্দগঞ্জে দাদার সঙ্গে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৭ বছরের শিশু রাসেল মিয়ার। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রাসেল মিয়া বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুজবুক শোকরা গ্রামের রুবেল মিয়ার ছেলে।
গতকাল শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কের নাসিরাবাদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকাল ৫টার দিকে রাসেল মিয়া দাদার সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গোবিন্দগঞ্জের নাসিরাবাদ যাচ্ছিল।
নাসিরাবাদ এলাকায় আঞ্চলিক মহাসড়ক পার হওয়ার সময় শিশুটি আগে হেঁটে রাস্তার মাঝামাঝি পৌঁছে যায়। সে সময়ে ঘোড়াঘাট থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান শক্রবার রাত ১১টার দিকে বাসস’কে বলেন, দুর্ঘটনার পরপরই স্বজনরা শিশুটির মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সূত্রঃবাসস



















