‘মাদকমুক্ত সমাজ গড়ি, সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
রোববার দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালীর পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।
সুধারাম মডেল থানা ও নোয়াখালী পৌর এলাকার বাসিন্দাদের উদ্যোগে স্থানীয় ভুলু স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে মাদকবিরোধী র্যালি শুরু হয়ে সুধারাম মডেল থানার সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের বহুমাত্রিক ক্ষতিকর প্রভাব তুলে ধরেন। একই সঙ্গে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ভূমিকার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ সদস্য, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক উপস্থিত ছিলেন।



















