দেশের বেকারত্ব হ্রাস এবং তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে পেশাভিত্তিক ও কর্মমুখী প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনেরা। তাদের মতে, প্রচলিত শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জনের সুযোগ বাড়ালে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরির সম্ভাবনাও বৃদ্ধি পাবে।
শনিবার রাজধানীর পুরানা পল্টনে ‘গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউট’-এর সার্টিফিকেট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এমইউএস গ্লোবাল গ্রুপ কোম্পানির সিস্টার কনসার্ন হিসেবে গত ১ আগস্ট যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি স্বল্পমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে তরুণ-তরুণীদের বারিস্তা পেশায় দক্ষ করে তুলছে। অনুষ্ঠানে কোর্স সফলভাবে সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক মো. আবু তাহের, সাংবাদিক ও গবেষক এম এস দোহা, ব্যবসায়ী গোলাম সারোয়ার কাউসার, সাইদুল হক রিগান, শিক্ষা গবেষক নজরুল ইসলাম হৃদয় এবং প্রতিষ্ঠানের ট্রেইনার রাসেল বক্তব্য দেন। তারা বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণরা চাকরির পাশাপাশি উদ্যোক্তা হওয়ার সুযোগও তৈরি করতে পারেন। একই সঙ্গে দেশে ও বিদেশে বারিস্তা পেশায় কর্মসংস্থানের সম্ভাবনা থাকায় আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের পরিধি বাড়ানোর আহ্বান জানান তারা।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মহিন উদ্দিন স্বপন বলেন, শুধু সনদ প্রদান নয়, প্রশিক্ষণার্থীদের বাস্তব কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। তিনি জানান, তরুণদের দক্ষ করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
তিনি আরও বলেন, বেকারত্ব নিরসনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতেরও সক্রিয় ভূমিকা প্রয়োজন। দক্ষ মানবসম্পদ তৈরির উদ্যোগগুলোকে সহযোগিতা করা গেলে কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখা সম্ভব হবে। অনুষ্ঠানে সনদপ্রাপ্ত প্রশিক্ষণার্থীরাও অর্জিত দক্ষতা কাজে লাগিয়ে পেশাগত জীবনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।



















